State

বঙ্গের শেষ দু’দফার বৈঠক নিয়ে কাল বৈঠকে কমিশনের ফুলবেঞ্চ,বোমা-গুলি আর অশান্তি নিয়ে মিটল ষষ্ঠ দফার ভোট

0
(0)

খবর লাইভ : অশান্তির করাল থাবা থেকে মুক্ত হতে পারল না বঙ্গের ষষ্ঠ দফার ভোটও। কোথাও চলল বোমাবাজি, কোথাও চলল গুলি। ভোটের শেষ লগ্নে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চোপড়া। তাঁদের তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও বৃহস্পতিবারের ভোটে রক্ত ঝরলেও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। আগের দু’দফার তুলনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগও কম এসেছে। আর সেই তথ্যকে হাতিয়ার করেই বোট শেষ হওয়ার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব দাবি করেছেন, বিক্ষিপ্ত অশান্তি হলেও শান্তিপূর্ণভাবেই মিটেছে ভোট পর্ব। সন্ধে ছয়টা পর্যন্ত চার জেলার ৪৩ আসনে গড়ে ভোট পড়েছে ৭৯ দশমিক শূন্য আট শতাংশ।
ষষ্ঠ দফার ভোট মেটার পরেই রাজ্যের উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে কীভাবে বাকি দু’দফার ভোট সম্পন্ন করা যায়, তা নিয়ে শুক্রবার বিশেষ বৈঠকে বসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। বিকাল চারটের সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, বিসেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রা, নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ শীর্ষ আধিকারিকরা।
রাজ্যে প্রথম পাঁচ দফার ভোট অশান্তির আবহেই শেষ হয়েছিল। বৃহস্পতিবার ষষ্ঠ দফায় চার রাজ্যের ৪৩ আসনের ভোটে কী হয়, তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিল রাজনৈতিক পর্যবেক্ষকরা। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করে। তার পরে বেলা যত গড়িয়েছে ততই উত্তপ্ত হয়ে পড়েছে পরিস্থিতি। বর্ধমানের কেতুগ্রামে একটি বুথের কাছে বোমাবাজির ঘটনা ঘটে। গলসির সুজাপুর গ্রামে সকাল থেকেই দফায় দফায় বোমাবাজির অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনায় অশোকনগরের ট্যাংরা আদর্শ শিক্ষানিকেতন বিদ্যালয়ের বুথের কাছে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে দুই তৃণমূল সমর্থক জখম হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গিয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও গুলি চালানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে দু’টি অভিযোগই খারিজ করা হয়েছে।
হাবড়ার তৃনমূল প্রার্থী তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছেন, সংখ্যালঘু মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আধা সেনার জওয়ানদেরর সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ দেখান। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার অন্তর্গত রনঘাট গ্রামে দু’পক্ষের মধ্যে ঝামেলার মধ্যে পড়ে আক্রান্ত হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুলি চালাতে হয় পুলিশকে। মৃত্যুঞ্জয় সাঁতরা নামের বছর আটাশের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর কথা স্বীকার করে দাবি করা হয়েছে, আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়েছে। এদিন ভোট চলাকালীন বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূলের দুই প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ও রাজ চক্রবর্তীকে।
ভোট শেষে সাংবাদিক সম্মেলনে ষষ্ঠ দফার ভোটকে মোটের ওপর শান্তিপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, ‘এ দিন মোট অভিযোগ জমা পড়েছে ১৯৯২ টি যা, আগের দফা থেকে কম। বারাকপুরে দুপুরে বোমাবাজি অভিযোগ পাওয়ার পরেই পদস্থ পুলিশ আধিকারিকদের পাঠানো হয়েছে। বাগদার ৩৫ ও ৩৬ নম্বর বুথে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয়েছেন ওসি ও এক কনস্টেবল। তিন রাউন্ড গুলি চলেছে।’
আগের দফাগুলির মতো এদিনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে খুল্লামখুল্লা বিজেপির হয়ে কাজ করার এবং সংখ্যালঘু ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকী কোথাও-কোথাও তৃণমূলের বুথ ক্যাম্পে হামলা চালানোর মতো মারাত্মক অভিযোগ উঠেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *