খবর লাইভ : উত্তরপ্রদেশের মথুরা জেলে বন্দি কেরলের সাংবাদিক সিদ্দিক কপ্পান করোনা আক্রান্ত। এমনই জানিয়েছেন তাঁর আইনজীবী উইলস ম্যাথিউ এবং ওই জেলের সুপার শৈলেন্দ্র মৈত্র। বর্তমানে তিনি মথুরায় জেলের বাইরে কেএম মেডিকেল কলেজে ভর্তি আছেন। তাঁর জ্বর, কাশি এবং হালকা শ্বাসকষ্ট রয়েছে বলে জেল সুপার জানিয়েছেন।
উত্তপ্রদেশের হাথরাসে এক গণধর্ষণের খবর সংগ্রহে যাওয়ার পথে তাঁকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ। এরপরই সন্ত্রাসবাদী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় উত্তরপ্রদেশে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ৫ হাজার পাতার চার্জশিট দায়ের করে যোগী পুলিশ। সেই অভিযোগে রয়েছে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ আইন, তথ্যপ্রযুক্তি আইন-সহ একাধিক গুরুতর ধারায় মামলা। এতেই শেষ নয়, তিনি সাম্প্রদায়িক অশান্তি বাধানোর চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ আনা হয়েছে।
এনিয়ে সবমিলিয়ে হাথরাস কাণ্ডে সাত জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। গত বছর অক্টোবর মাসে উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত কিশোরী যৌন লালসার শিকার হয়। সেই খবরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। কিশোরীর দেহ জোর করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিসের বিরুদ্ধে। এরপরই শোরগোল পড়ে যায় গোটা দেশে। এই ঘটনার খবর সংগ্রহের জন্য যাওয়ার পথে গ্রেফতার হন সিদ্দিক সহ আরও ছয় সাংবাদিক। সেই থেকে মথুরা জেলে বন্দি তাঁরা।


