খবর লাইভ : দেশের করোনার দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক চেহারা নিচ্ছে। এই সময় নির্বাচনী মিছিল-সভা করে জমায়েত করছেন বহু রাজনৈতিক নেতা। এই নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন সেনাবাহিনীর প্রাক্তন জেনারেল প্রধান বেদ প্রকাশ মালিক। রবিবার ট্যুইট করে জেনারেল বেদ জানিয়েছেন, দুই মাস ধরে চলা কার্গিল যুদ্ধে যত জন মানুষ শহিদ হয়েছেন তার চেয়ে এখন দৈনিক বেশি মানুষ মারা যাচ্ছে দেশে। তিনি বলেন, ‘আমার দেশ এখন যুদ্ধের মুখোমুখি। গতকাল অতিমারীর কারণে ১৩৩৮ জন ভারতীয় মারা গেছেন যা কার্গিল যুদ্ধে নিহতদের চেয়ে আড়াই গুণ বেশি। দেশ কী এই যুদ্ধে মনোযোগ দিচ্ছে?’ প্রশ্ন তুলেছেন তিনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক জমায়েত ও দিল্লির সীমান্তে কৃষকদের শিবির করে বিক্ষোভ দেখানো নিয়ে জেনারেল মালিক বলেছেন, নির্বাচনী সভা, ধর্মীয় উৎসব, কৃষক আন্দোলন চলছেই। ভারতকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, কার্গিল যুদ্ধের সময় জেনারেল বেদ প্রকাশ মালিক ছিলেন ভারতীয় সেনার প্রধান।




