খবর লাইভ: আগামিকাল পঞ্চম দফার ভোট। তার আগে অস্বস্তি বাড়ল তৃণমূলের। কামারহাটির তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে আইকোর মামলায় তলব করল ইডি। ওই একই মামলায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞাকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থাটি। সূত্রের খবর, আগামী শুক্রবারের মধ্যে তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, মদন মিত্রের ছেলে স্বরূপকে ২৩ এপ্রিল ডেকে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়কেও আইকোর মামলাতেই ডেকে পাঠায় ইডি। এর আগেও তাঁকে নোটিশ পাঠানো হয়। তবে নির্বাচনী প্রচারে ব্যস্ততার কারণে পরে ইডি দফতরে যাবেন বলে জানান তৃণমূলের মহাসচিব। পাশাপাশি এবার আইকোর মামলায় ইডির সেই তালিকায় যুক্ত হয়েছে মানস ভুঁইঞার নামও। তাঁকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য।
রাজনৈতিক মহলের একাংশ অবশ্য এর পিছনে অন্য গন্ধ পাচ্ছেন। তাঁদের মতে, রাজ্যে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় সংস্থাগুলি এভাবে বিভিন্ন মামলায় শাসকদলের নেতাদের ওপর চাপ তৈরির চেষ্টা করছে। ইডির নোটিস পাওয়ায় মানস ও স্বরূপ সরাসরি তদন্তকারীদের মুখোমুখি হবেন নাকি অন্যভাবে আইনজীবী মারফত সাড়া দেবেন, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।




