খবর লাইভ : এসএসকেএম হাসপাতাল চত্বরে চলল গুলি। গুলিবিদ্ধ এসআই লক্ষ্মীকান্ত চৌধুরী। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান লালবাজারের হোমি সাইড শাখার।
এদিন সকালে ওই এসআই কে সার্ভিস রিভলবার নিয়ে একটি ঘরে ঢুকতে দেখা যায়। এরপরই গুলির আওয়াজ পাওয়া যায় বলে পুলিশকে জানিয়েছেন কয়েকজন। হাসপাতালে উডবার্ন বিভাগের পিছনে একটি নতুন ভবন হচ্ছে। সাতসকালে এদিন ঘটনাটি ঘটে ঠিক সেখানেই। তড়িঘড়ি ঘটনাস্থলে যায় লালবাজারের বিশেষ টিম। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ওই এসআই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে কর্তব্যরত ছিলেন। হঠাৎ গুলির শব্দ। ছুটে গিয়ে অন্য এক নিরাপত্তারক্ষী দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে লক্ষ্মীকান্ত চৌধুরী।
হাসপাতাল সূত্রে খবর, এসআই-এর মাথার সামনের দিকে ক্ষত চিহ্ন রয়েছে। শারীরিক অবস্থা তাঁর অত্যন্ত সংকটজনক।
আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কোনও ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।


