খবর লাইভ : বছর গড়ালেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগেই রদবদল ঘটল মুখ্যমন্ত্রী পদে। উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি সাংসদ তিরথ সিং রাওয়াত। বুধবার একথা ঘোষণা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। সম্ভবত এদিনই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিরথ।
উল্লেখ্য, মঙ্গলবার রাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। জানা যায়, সম্প্রতি উত্তরাখণ্ডে মন্ত্রিসভায় ও শাসকদলে কোন্দল প্রকট হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী বদলের দাবি জানিয়ে চার মন্ত্রী-সহ কমপক্ষে ১০ জন দলীয় বিধায়ক দিল্লিতেও যান। ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে মুখ্যমন্ত্রী পদ থেকে না সরালে তাঁরা ইস্তফা দেবেন বলেও রীতিমত হুমকি দিয়েছেন তাঁরা। পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল, মুখ্যমন্ত্রী বদল না করলে আগামী বছরের নির্বাচনে দলের পক্ষে জয়লাভ যে কঠিন হবে তা স্পষ্ট হয়েছিল। যদিও বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাওয়াতের পদত্যাগে দলের সুবিধা হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেননা রাওয়াতের পদত্যাগে ২৪ ঘণ্টার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হল।



