খবর লাইভ : ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে সোমবার সকালে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উচ্চ পর্যায়ের একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশসচিব বিক্রম মিস্রী এবং ভারতের তিন সেনাবাহিনীর প্রধানেরা।
শনিবার ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতির ঘোষণা করলেও, সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। সোমবার দুপুরে দুই দেশের ডিজিএমও স্তরের আলোচনার কথা রয়েছে, যা সীমান্ত পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ভারতের তরফে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এই আলোচনায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সীমান্ত পরিস্থিতি, সংঘর্ষবিরতি বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এই বৈঠকটি ভারত-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।




