খবর লাইভ : শেষমেশ স্বস্তির হাওয়া হুগলির ফুরফুরা শরীফে। এখানকার পীরজাদা ত্বহা আব্বাস সিদ্দিকীর নয়া দল পেল প্রতীক। তবে নির্বাচন কমিশনের তরফে ঠিক কি প্রতীক মিলেছে, তা খোলসা করেননি আব্বাসের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। আগামীকাল, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা ওই প্রতীকের।
নয়া দল গড়ে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেয় পীরজাদার নতুন দল। তৃণমূল পাত্তা না দিলেও, আব্বাসের দলের সঙ্গে জোট গঠন করে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন বাম-কংগ্রেস নেতৃত্ব। সেই মতো সপ্তাহখানেক আগের ব্রিগেডে পতপত করে উড়েছে হাত এবং কাস্তে-হাতুড়ি আঁকা ঝান্ডার পাশাপাশি আব্বাসের আইএসএফের নিশানও। যদিও তখনও প্রতীক মেলেনি নির্বাচন কমিশনের তরফে। তাই খানিকটা সংশয়েই ছিলেন আইএসএফ নেতৃত্ব।
অস্বীকৃত কোনও রাজনৈতিক দলের প্রার্থীকে মনোনয়ন পেশের আগে প্রতীক দেওয়া হবে না বলে আগেই ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তাই প্রতীক পেলেও কীভাবে তা দ্রুত ভোটারদের কাছে পৌছে দেওয়া যাবে, তা নিয়ে চিন্তায় ছিলেন নয়া দলের কর্মকর্তারা। শেষমেশ মিলেছে সেই প্রতীক। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ফুরফুরায়।
এখন দেখার, কোন প্রতীকে লড়াইয়ের ময়দানে হাজির হয় পীরজাদার নতুন দল।

