খবর লাইভ: ভোটের প্রাক্কালেও দলবদল অব্যাহত। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই বাদ পড়ে ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন মমতার অনেক ছায়াসঙ্গী। প্রার্থী হতে না পেরে, কেউ আবার পছন্দমতো আসনে লড়াইয়ের সুযোগ না পেয়ে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন।
সোমবারই বিজেপির রাজ্য সদর দপ্তরে শীর্ষ নেতৃত্বের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন তৃণমূলের একঝাঁক নেতানেত্রী।
শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরই নিজের নাম না দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন সোনালি গুহ। অভিমানের সুরে বলেছিলেন নিজের বেদনার কথা।
সোমবার হেস্টিংসের অফিসে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন সাতগাছিয়ার বিধায়ক।
প্রাক্তন ডেপুটি স্পিকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সোনালি গুহ, সিঙ্গুরের ‘মাস্টারমশাই’ তথা বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বসিরহাট দক্ষিণে তৃণমূলের বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাস, শিবপুরের বিধায়ক অশীতিপর জটু লাহিড়ি, সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার সেই তালিকায় সংযোজন হলেন।
পাশাপাশি, হবিবপুরের বিদায়ী বিধায়ক সরলা মুর্মুর সঙ্গে যোগ দিয়েছেন জেলা পরিষদের ১৪ জন সদস্য।
মালদহের হবিবপুরে প্রার্থী পদ না পসন্দ হওয়ায় সরলা মুর্মু বিজেপি শিবিরে যোগ দিলেন। সঙ্গে ১৪ জন জেলা পরিষদের সদস্য যোগ দেওয়ায় পুরাতন মালদহ থেকে বিজেপি প্রার্থী হতে পারেন কি না সেটাই দেখার।



