খবর লাইভ: দিন কুড়ি পরেই রাজ্য বিধানসভা নির্বাচন। প্রথম দফার ওই ভোটে মালদহের কোনও আসন নেই। তবে টানটান উত্তেজনার এই ভোটের নান্দীমুখ যখন শুরু হতে চলেছে, ঠিক তখনই মালদহ জেলা পরিষদের দখল নিল বিজেপি।
মালদহ জেলা পরিষদের আসন সংখ্যা 32। এর মধ্যে বিজেপির দখলে ছিল 7টি আসন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি, আগেই দুজন গেরুয়া খাতায় নাম লিখিয়েছেন। সোমবার ওই জেলা পরিষদের 14 জন সদস্য হাতে তুলে নেন পদ্ম আঁকা ঝান্ডা। সুতরাং, বিজেপির দখলে এল ওই পুরসভার 23টি আসন।
শুভেন্দুর দাবি, পঞ্চায়েত আইন মেনে দল বদল হওয়ায় এই জেলা পরিষদের রাশ এল বিজেপির হাতে। তিনি বলেন, নিয়ম মেনে দলবদল হওয়ায় মালদহ জেলা পরিষদ বিজেপির।
এতদিন মালদহ জেলা পরিষদের রশি ছিল তৃণমূলের হাতে। সেই রাশ হাতছাড়া হওয়ায় বেজায় অস্বস্তিতে তৃণমূলের জেলা নেতৃত্ব। যদিও এ ব্যাপারে তাঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ভোটের মুখে আস্ত একটা জেলা পরিষদের রাশ হাতে চলে আসায় যারপরনাই উল্লসিত গেরুয়া শিবির।


