খবর লাইভ : বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অনেক আগেই জেলা সফর শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রার্থী তালিকা ঘোষণার পরই জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন তিনি। আজ, শনিবার শিলিগুড়িতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল শিলিগুড়িতে পদযাত্রা করবেন তিনি। এদিকে, আগামিকালই কলকাতা ব্রিগেডে সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত সেদিকে লক্ষ্য রেখেই শিলিগুড়িতে পদযাত্রার জন্য মমতা রবিবারই বেছে নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
দলীয় সূত্রে খবর, আগামিকাল দার্জিলিং মোড় থেকে শুরু হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা
যাবে হাসমিচক পর্যন্ত। শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে ভেনাস মোড় পর্যন্ত হিলকার্ট রোডের উপর দিয়ে এই মিছিল হবে। মূলত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ি শহরে সিলিন্ডার নিয়ে মিছিল করবেন মমতা। মহিলা তৃণমূলের উদ্যোগে এই মিছিল হবে। সেইমত রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা গোটা বিষয়টির তদারকি করছেন। পদযাত্রা শেষ করে হাসমিচক থেকেই মমতার সরাসরি বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার কথা।
মমতার পদযাত্রা নিয়ে জোর প্রস্তুতি চলছে সর্বত্র। প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার বিকেলেই সেখানে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী সুস্মিতা সেনগুপ্তও। তৃণমূলের দাবি, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মূলত দক্ষিণবঙ্গে মোদির ব্রিগেডকে ম্লান করতেই উত্তরবঙ্গে গ্যাস সিলিন্ডার নিয়ে মমতার এই কর্মসূচি বলে তৃণমূল সূত্রে খবর। তাই শিলিগুড়িতে মমতার পদযাত্রা থাকলেও কলকাতাও ছেয়ে থাকবে ঘাসফুলের পোস্টার-ব্যানার-হোর্ডিংয়ে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে।




