খবর লাইভ : ৮০ বছরের বেশি বয়সি কাউকে এবার প্রার্থী করা হবে না। সোমবার এই কথা জানালেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন, তৃণমূলের প্রার্থী তালিকায় অসংখ্য নতুন মুখ দেখা যাবে। যুব ও মহিলাদের সংখ্যাই বেশি থাকবে।
এদিন তৃণমূলের বর্ষীয়ান নেতা বলেন, ‘৮০ বছরের ওপরে যাঁদের বয়স, তাঁরা এবার আর বিধায়ক পদের দাবিদার থাকছেন না। তাঁরা বিধানসভা ভোটে লড়ার টিকিট পাবেন না। করোনার কারণেই তাঁদের সম্মানজনক পদ দেওয়া হবে। এদিন সুব্রতবাবু বলেন, ‘প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।’
এদিন তৃণমূলের প্রার্থী তালিকা বাছাই করতে ১২ জনের নির্বাচনী কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে তৃণমূল নেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাসের মত নেতারা। এদিন কিছুক্ষণ নির্বাচনী কমিটির বৈঠকে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যান। সেখানে তিনি বৈঠক করেন আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে। রাজনৈতিক মহল সূত্রে খবর, এরাজ্যে আরজেডির তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়াই করার সম্ভাবনা রয়েছে।



