খবর লাইভ : রবিবার ইউজিসি- নেট প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। পরীক্ষার দু’দিন আগে এই প্রশ্ন ফাঁস হওয়ার পরেই তা ডার্ক ওয়েবে বিক্রি করা হয় ৬ লক্ষ টাকার বিনিময়ে। সিবিআই প্রাথমিক তদন্তের পর তেমনটাই জানিয়েছে । কিন্তু প্রশ্ন কোথা থেকে ফাঁস করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। আসলে ব্যাঙের ছাতার মতো নেটের প্রস্তুতির জন্য নানান জায়গায় কোচিং সেন্টার গজিয়ে উঠেছে। এই সংখ্যাটা দিল্লিতে সবচেয়ে বেশি। তাই এই ধরনের কোচিং সেন্টারগুলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে ।
প্রসঙ্গত, ১৮ জুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত ইউজিসি- নেট পরীক্ষায় নয় লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এর এক দিন পরেই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। সন্দেহ করা হচ্ছিল, পরীক্ষার আগের দিন অর্থাৎ সোমবার নেটের প্রশ্নপত্র ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল। তবে সিবিআই প্রাথমিক ভাবে তদন্ত চালানোর পর জানিয়েছে, সোমবার নয়, পরীক্ষার প্রশ্নপত্র আদতে ফাঁস করা হয়েছিল রবিবার এবং ডার্ক ওয়েবে ৬ লক্ষের টাকা বিনিময়ে বিক্রি করা হয়। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে নেট মামলায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে সিবিআই।




