খবর লাইভ : ভোট পরবর্তী হিংসা নিয়ে যখন রাজ্য–রাজনীতি সরগরম তখন অ্যাকশন মুডে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। একুশের নির্বাচনের ফলাফল প্রকাশের পর এমন অভিযোগ উঠেছিল। তার জেরে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া বার্তাও দিয়ে বলেছেন, ‘নিরাপরাধ মানুষদের বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে। রাজ্য সরকার সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ। রাজ্যপাল হয়ে হাত গুটিয়ে বসে থাকব না।’
আরও পড়ুনঃ দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে অশান্ত শালিমার!
রবিবার সন্ধ্যায় রাজভবনের ভিতরে শুভেন্দুকে দেখা যায় ‘আক্রান্ত’ কর্মীদের ছবি বুকে নিয়ে বসে থাকতে। ‘আক্রান্তদের’ নামের তালিকা মিলিয়ে শুভেন্দুর সঙ্গে থাকা পুরুষ এবং মহিলাদের ঢোকানো হয় রাজভবনে। তাঁদের উদ্দেশে রাজ্যপাল জানান, মোট ১০২৫টি অভিযোগ পেয়েছেন তিনি। তিনি এই হিংসার শেষ দেখে ছাড়বেন।
রাজ্যপাল জানান, আক্রান্তেরা যত ক্ষণ তাঁর সঙ্গে দেখা করবেন, তত ক্ষণ স্বরাষ্ট্র দফতরের কেউ তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না। পাশপাশি শুভেন্দু তাঁর দলের কর্মীদের উপর হিংসার ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেন রাজ্যপালকে। দুর্গাপুজো পর্যন্ত বাংলায় যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে, সেই আর্জি জানান রাজ্যপালকে।
এদিন চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসে ভোট পরবর্তী ‘হিংসা’ পরিস্থিতি খতিয়ে দেখতে। এই আবহে গোটা বিষয়ে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।




