খবর লাইভ : কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ৪১, যার মধ্যে ৪০ জন ভারতীয় রয়েছেন বলে জানা গেছে। আহত কমপক্ষে ৫০। প্রাথমিক ভাবে পাঁচজনের মৃত্যুর খবর এলেও পড়ে এই সংখ্যাটা বেড়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লেখেন ‘কুয়েত শহরে অগ্নিকাণ্ডের খবরে আমি গভীরভাবে মর্মাহত। সেখানে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানা গিয়েছে। আমাদের রাষ্ট্রদূত ওই ক্যাম্পে গিয়েছেন। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি। দুঃখজনকভাবে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আমাদের দূতাবাস এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে।’ ইতিমধ্যেই কুয়েতের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ স্বয়িকা হাসপাতালে গিয়ে আহত শ্রমিকদের সঙ্গে দেখা করে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
বুধবার ভোরে দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ওই ভবনে ভারতীয় শ্রমিকরা থাকেন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, এক তলায় থাকা সিলিন্ডারে আগুন ধরে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। গোটা বহুতল ঢেকে যায় কালো ধোঁয়ায়৷ যত বেলার গড়াতে থাকে আগুন গোটা বহুতলে ছড়িয়ে পড়ে, আটকে পড়েন অনেকে৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, অগ্নিদগ্ধদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর।




