খবর লাইভ : নিউ টাউনের একটি অভিজাত ফ্ল্যাটে বাংলাদেশের সাংসদকে প্রথমে খুন এবং তারপর তাঁর দেহ টুকরো টুকরো করা হয়েছিল, এই সন্দেহ আগেই করেছিলেন গোয়েন্দারা। কিন্তু, পাওয়া যায়নি সাংসদের দেহ। এবার এই ঘটনায় চাঞ্চল্যকর মোড়। সাংসদ খুনে অভিযুক্ত সিয়ামকে নিয়ে রবিবার ভাঙড়ের কাছে বাগজোলা খালে তল্লাশি চালায় সিআইডি। আর তল্লাশির পর সেখান থেকে হাড়গোড় উদ্ধার হয়েছে, যা মানুষের হওয়ার সম্ভাবনা বলে দাবি তদন্তকারীদের একাংশের।
কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এরপর তদন্তে নেমে একের পর এক তথ্য সামনে আসে। নিউ টাউনের একটি অভিজাত আবাসনে আনোয়ারুলকে ডেকে হত্যার ছক কষা হয়েছিল বলে গোয়ান্দাদের প্রাথমিক অনুমান।
প্রামাণ লোপাট করার জন্য মুম্বই থেকে পেশাদার কসাইকে নিয়ে আসা হয়েছিল শহর কলকাতায়। হত্যার পর বাংলাদেশের সাংসদের দেহ টুকরো টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এই ঘটনায় সন্দেহভাজন সিয়াম হোসেনকে নেপাল থেকে গ্রেফতার করা হয় এবং বাংলাদেশ তাকে ইতিমধ্যেই ভারতের হাতে তুলে দিয়েছে।




