খবর লাইভ : ‘ঘরশত্রু বিভীষণদের ঝাঁটা মেরে বের করতে হবে’, এমনই মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।বিজেপির পক্ষ থেকে সোমবার পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়ায় এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় বিজেপি নেতা অনুপম হাজরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে তিনি নিজের দলের নেতাদের কাজকর্মের নিন্দায় সরব হন।ক্ষুব্ধ অনুপম বলেন, ‘এখন বঙ্গ বিজেপির যা অবস্থা, পদ মানেই হচ্ছে আপনি তাদের গোলাম হয়ে গেলেন। পান থেকে চুন খসলেই আপনি শোকজ, না হলে সাসপেন্ড অথবা পদ চলে যাবে।’ এরপরই তিনি প্রশ্ন তোলেন, ‘আরে সবাই কি চাকর হতে ভালোবাসে নাকি?’
ঘর শত্রু বিভীষণদের ঝাঁটা মেরে বের করে দেওয়ার নিদানও দেন বিজেপি নেতা। অনুপম বলেন, ‘আমাদের মধ্যে কোনও চোর যাতে না থাকে সেটা নিশ্চিত করাই লোকসভা ভোটের মুখে আমাদের কাছে চ্যালেঞ্জের। ঘরশত্রু বিভীষণদের ঝাঁটা মেরে বের করতে হবে। নাহলে আমাদের সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গে যে ৩৫টি আসন দখলের কথা বলেছেন তা শুধুমাত্র স্বপ্ন হয়েই থেকে যাবে।’
রাজ্য নেতৃত্বের অনুপমের সঙ্গে কথা বলা উচিত বলে জানালেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তবে অনুপমের সাম্প্রতিক ‘দলীয় লাইন বিরোধী’ কাজকর্মে তাঁর যে সায় নেই, তা স্পষ্ট করে দিয়েছেন মে অনুপমকে ‘সর্বভারতীয় নেতা’ বলে সম্বোধন করে দিলীপ বলেন, “উনি হয়তো পার্টির ভিতরের কিছু কথা বাইরে বলছেন। সেটা নিয়েই সমস্যা হচ্ছে।” দিলীপ রাজ্য নেতৃত্বকে খানিক পরামর্শ দেওয়ার ভঙ্গিতেই বলেন, “যদি তাঁর (অনুপম) অবস্থান পার্টির বিরুদ্ধে যায়, তবে কেন্দ্রের সঙ্গে কথা বলা উচিত রাজ্যের।” এর পাশাপাশি রাজ্য বিজেপির তরফে সরাসরি অনুপমের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়ে দিলীপ বলেন, “ওঁকে বলা উচিত যে, এগুলি দলীয় লাইনের বিরুদ্ধে যাচ্ছে।”
রাজ্য বিজেপির তরফে অনুপমের দলত্যাগের সম্ভাবনার দিকটিও ভাসিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অনুপম লোকসভা ভোটের আগে ফের পুরনো দলে ফিরে যেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। এই বিষয়ে দিলীপকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “পার্টি লাইনের বাইরে কথা বললে এই বিষয়ে সন্দেহ হওয়া স্বাভাবিক।”




