ঝালদায় কংগ্রেস কাউন্সিলর (Jhalda councilor murder) খুনের ঘটনায় লোকসভায় সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীরবাবু ঝালদার ঘটনায় আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি তুললেন।
তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। নির্বিচারে খুন (Purulia Councilor Murder) চলছে। অবিলম্বে ঝালদায় কাউন্সিলর খুনে সিবিআই তদন্ত করতে হবে। এদিন আগাগোড়া বাংলায় বক্তব্য পেশ করেন অধীর।
আরও পড়ুন- Parliamentary News: বেকারত্বের কারণেই দেশে আত্মহত্যার ঘটনা বেড়েছে, সংসদে স্বীকার কেন্দ্রের
মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, বাংলায় গণতন্ত্র ধর্ষিত হচ্ছে। নির্বিচারে কংগ্রেস নেতাদের খুন করা হচ্ছে। ঝালদায় কাউন্সিলর তপন কান্দুর জয়ের পরই সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করে শাসকদল। শাসক দলের অত্যাচারে মুখ খোলার কোনও উপায় নেই। একই সঙ্গে তাঁর অভিযোগ, নৃশংস ভাবে কংগ্রেস কাউন্সিলরকে খুন করা হচ্ছে। তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরপরই সিবি আই এর তদন্তের দাবি তোলেন।
গত রবিবার পুরুলিয়ার ঝালদায় দুষ্কৃতীদের হাতে খুন হন কংগ্রেসের কাউন্সিলর তপন কান্দি। ওই একই দিনে পানিহাটিতে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত।দু’টি ঘটনাকেই নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সংসদে অধীর তপন-খুন নিয়ে যতটা সুর চড়ালেন, সিবিআই তদন্তের দাবি তুললেন, তাঁর বিন্দু মাত্রও শোনা যায়নি অনুপম দত্ত খুনের ঘটনায়।
লোকসভায় কংগ্রেসের দলনেতা দাবি করেন, বাংলায় বেছে বেছে কংগ্রেস কর্মীদের খুন করা হচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে সংখ্যা গরিষ্ঠতা অর্জনের জন্যই এমন কাজ করে চলেছে বলে অভিযোগ তুলেছেন অধীর।




