National Special News Special Reports

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ এথিক্স কমিটির

0
(0)

খবর লাইভ : পরীক্ষার প্রশ্নপত্র হাতে আসার আগেই উত্তরপত্র তৈরি ছিল। বিজেপির পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রত্যাশা মতই মহুয়া মৈত্রের বিরুদ্ধে পদক্ষেপ নিল লোকসভার এথিক্স কমিটি। ওই তৃণমূল সাংসদকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করা হলো তার স্পিকার ওম বিড়লার কাছে। এথিক্স কমিটির বৈঠকে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ৫০০ পাতার খসড়া রিপোর্ট অনুমোদিত হয়েছে। মহুয়াকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন ছ’জন সদস্য, বিরুদ্ধে ভোট দিয়েছেন চার জন। এ বার এথিক্স কমিটি সেই রিপোর্ট পাঠাচ্ছে স্পিকারের কাছে। ডিসেম্বরের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে এই রিপোর্ট।

জানা গিয়েছে, এথিক্স কমিটি তাদের রিপোর্টে বলেছে, “মহুয়া মৈত্র এবং দর্শন হিরানন্দানির মধ্যে যে টাকার লেনদেন হয়েছে, কেন্দ্রের উচিত নির্দিষ্ট সময়ের মধ্যে তার আইনি এবং প্রাতিষ্ঠানিক তদন্ত করা।” তবে এথিক্স কমিটি-যে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করতে চলেছে তা প্রকাশ হয়ে গিয়েছিল বুধবারেই। এ নিয়ে মহুয়া বৃহস্পতিবার স্পিকারকে চিঠি লিখে অভিযোগও জানিয়েছেন। কী করে এথিক্স কমিটির গোপন রিপোর্ট বৈঠকের এক দিন আগে সংবাদমাধ্যমের হাতে চলে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। এ নিয়ে স্পিকার ওম বিড়লাকে বৃহস্পতিবার একটি চিঠিও লিখেছেন মহুয়া। কৃষ্ণনগরের সাংসদ দুপুরে এক্স হ্যান্ডেলে সেই চিঠি পোস্ট করে এ-ও দাবি করেন, স্পিকার এ নিয়ে তাঁকে কোনও জবাব দেননি। অবশ্য এথিক্স কমিটির এই রিপোর্ট নিয়ে একেবারেই ‘বিস্মিত নন’ মহুয়া। বুধবারই তিনি বলেছিলেন, ‘‘জানাই ছিল। যা হবে দেখা যাবে।’’

তবে এথিক্স কমিটি বহিষ্কারের সুপারিশ করলেও তা এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সংসদের শীতকালীন অধিবেশনে স্পিকার এই প্রস্তাব পেশ করবেন। বিরোধীরা আলোচনা চাইলে তা আদৌ স্পিকার গ্রহণ করবেন কি না সেটি তাঁর এক্তিয়ারের বিষয়। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, নিয়ম এমনটাই। এখন এই ইস্যুতে সংসদের শীতকালীন অধিবেশন কতটা উত্তপ্ত হয়, এবং মহুয়ার ভাগ্য কোন পথে গড়ায় সেটাই দেখার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *