খবর লাইভ : বাঙালি মাত্রই আবেগপ্রবণ, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, সিনেমা এই সবকিছুকে ঘিরে এক অদ্ভুত রকমের উন্মাদনা লক্ষ্য করা যায় প্রত্যেক বাঙালির মনে। সাহিত্যমনস্ক প্রতিটি বাঙালি ঘরে যেমন রবীন্দ্রনাথ আছেন ঠিক তেমনি বিনোদনের কথা এলে সবার আগে ‘আইকন’ সত্যজিতের কথাই মনে করে বাংলা। বঙ্গের ‘মানিক বাবু ‘কে কুর্নিশ করে গোটা বিশ্ব, ২০২৩ সালেও তার প্রমাণ মিলল। সারা বিশ্বে ১০০ বছরের সেরা সিনেমার তালিকায় স্থান পেল ‘পথের পাঁচালি’। সম্প্রতি টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে বিশ্বের সেরা ১০০ টি সিনেমার তালিকা প্রকাশ করা হয়। সেখানেই দেখা গেল সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালি’র নাম।
গত ১০০ বছরের সেরা সিনেমার তালিকায় বিশ্বের কিংবদন্তি সমস্ত পরিচালকদের সিনেমার মধ্যে উজ্জ্বল হয়ে রয়েছে পথের পাঁচালি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে মুক্তি পায় ছবিটি। এর জন্যই প্রথম অস্কার পুরস্কার জিতে নেন সত্যজিৎ রায়। এর আগে ব্রিটিশ ম্যাগাজিন ‘সাইট অ্যান্ড সাউন্ড’ এর এক সমীক্ষায় সারা বিশ্বের চিরকালীন সেরা ১০০ টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছিল পথের পাঁচালি। এবার টাইমস ম্যাগাজিনেও নিজের জায়গা পাকা করল এই ক্লাসিক ছায়াছবি। ১৯২০-২০২০ এই সময়কালে বেশকিছু মাস্টারপিস তৈরি হয়েছে বিনোদন জগতে। বছরের পর বছর কেটে গেলেও এইসব ক্লাসিক সিনেমাগুলো যদি এখনো দেখানো হয় তাহলে সেই প্রথম বারের মতোই মুগ্ধ করে দর্শকদের। পথের পাঁচালি ছাড়া অন্যান্য যেসব ছবি এই তালিকায় স্থান পেয়েছে তার মধ্যে রয়েছে ‘দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি’, ‘বাইসাইকেল থিভস’, ‘সেভেন সামুরাই’, ‘দ্য গডফাদার পার্ট টু’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ এর মতো বেশ কিছু অনবদ্য সিনেমা।




