খবর লাইভ : পরিবারের বড়দের সঙ্গে শপিংমলে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি শিশুর! শপিং মলের চলন্ত সিঁড়িতে উঠতেই আটকে যায় হাত। ভয়ে কান্নাকাটি করতে শুরু করে তিন বছরের শিশুটি। আতঙ্কিত হয়ে পড়েন তার পরিবার এবং অনান্যরা।ঘণ্টাখানেকের চেষ্টায় আটকে যাওয়া হাত উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় শপিং মল চত্বরে।
ঘটনাটি ঘটেছে বুধবার শিবপুরের একটি শপিং মলে। পরিবারের সঙ্গে ঝা চকচকে শপিং মলে এলেও নিজের মনেই মলের এদিক থেকে ওদিক ঘুরে বেরাচ্ছিল শিশুটি।পরিবারের নজর এড়িয়ে কখন যে সে মলের চলন্ত সিঁড়িতে পৌঁছে যায়, তা কেউই খেয়াল করেনি। এরপরই ঘটে যায় অঘটন।সিঁড়ির রোলারের কাছে কোনওভাবে হাত ঢুকে আটকে যায় তিন বছরের ওই শিশুর। কিছুক্ষণ চেষ্টা করে হাত বের করতে না পেরে ভয় পেয়ে যায় সে। কাঁদতে শুরু করে। আর সেই কান্নাকাটিতেই বিষয়টি সকলের নজরে আসে।
পরিবারের লোকজন থেকে শুরু করে শপিং মলে তখন আশপাশে যাঁরা ছিলেন, সকলেই চেষ্টা করেন শিশুটির হাত ওখান থেকে বের করে আনার। কিন্তু কোনও চেষ্টাই শেষ পর্যন্ত সফল হয় না। এদিকে ততক্ষণে খবর পৌঁছে গিয়েছিল শপিং মল কর্তৃপক্ষের কাছেও। ঘটনার গুরুত্ব বুঝে তারা দ্রুত চলন্ত সিঁড়ি বন্ধ করে দেন। খবর দেওয়া হয় দমকলে। শিবপুর থানাতেও জানানো হয় বিষয়টি। শপিং মল থেকে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। শেষ পর্যন্ত প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় শেষ পর্যন্ত শিশুর হাত চলন্ত সিঁড়ির ফাঁক থেকে বের করে আনা সম্ভব হয়।
আরও পড়ুনঃ এক বছরে মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
শিশুটি উদ্ধারের পরও ভয়ে জড়সড়ো হয়েছিল সে। আতঙ্কিত শিশুটিকে পাঠানো হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। রাত পর্যন্ত সেখানেই ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিল সে।



