খবর লাইভ : ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর প্রায় এক মাস কেটে গিয়েছে। সেই বিভীষিকাময় ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। ঘটনার পরই প্রশ্ন ওঠে রেলের সুরক্ষা নিয়ে। রেল মন্ত্রীর নির্দেশে সেই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। এবার সরিয়ে দেওয়া হল দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশীকে। তাঁর বদলে এই পদে বসানো হয়েছে অনীল কুমারকে।
ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রেলের ক্যাবিনেটের অ্যাপয়ন্টমেন্ট কমিটি।
ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর প্রায় মাসখানেক অতিক্রান্ত। মৃতদের মধ্যে ৮১টি অশনাক্ত দেহ ভুবনেশ্বর এমসে সংরক্ষণ করে রাখা হয়েছিল। শুক্রবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে ২৯টি দেহ শনাক্ত করেছেন কর্তৃপক্ষ। ছ’টি দেহ পরিবারের হাতে তুলেও দেওয়া হয়েছে। বাকি দেহগুলি নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুনঃ পর্যাপ্ত বাহিনী না পাওয়া গেলে পঞ্চায়েতে বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনিশ্চয়তা
ভুবনেশ্বর পুরসভার মেয়র সুলোচনা দাস জানিয়েছেন, যে দেহগুলি শনাক্ত করা গিয়েছে, তাদের মধ্যে ছ’জনের পরিবারের সদস্যেরা এইমসে এসে দেহ নিয়ে গিয়েছেন। বাকি দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ২৯টি দেহ শুক্রবার শনাক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, এইমসে সংরক্ষিত দেহগুলি যে হেতু শনাক্ত করা যায়নি, এক একটি দেহ নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। অনেকেই দাবি করছিলেন, দেহটি তাঁর পরিজনের। একটি দেহ নিয়ে ১৫টি পরিবারের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। এই জটিলতা কাটাতে এইমস এবং রেলের তরফে ডিএনএ পরীক্ষার বন্দোবস্ত করা হয়। দিল্লির সেন্ট্রাল ল্যাবরেটরি থেকে ২০ দিন পর তার রিপোর্ট এসেছে।



