খবর লাইভ : কালিয়াগঞ্জে নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এই আবহে ঘটনার তদন্ত করার জন্য সিট গঠন করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, আদালতের নজরদারিতেই হবে এই মামলার তদন্ত। আর সিট সেই ঘটনার তদন্ত করবে। হাই কোর্টের তরফে জানানো হয়েছে, সিটের তদন্তকারী দলে থাকবেন রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেন ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস। তবে এদিন হাই কোর্টের তরফে সাফ জানানো হয়েছে, তদন্ত চলাকালীন কোথাও কোনও ইন্টারভিউ দিতে পারবেন না সিটের তদন্তকারী আধিকারিকরা। আগামী ২৮ জুনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে সিটকে।
এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ সাফ জানিয়েছে সিট যদি প্রয়োজন মনে করে তাহলে দ্বিতীয়বার তাঁরা ময়নাতদন্ত করতে পারবে বলেও নির্দেশ দিয়েছে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক কিশোরীর দেহ উদ্ধার হয়। পরে পুলিশের তদন্তে উঠে আসে বিষ খেয়েই আত্মঘাতী হয়েছেন ওই কিশোরী। এদিকে বৃহস্পতিবার হাই কোর্টে রাজ্যের তরফে ঘটনার তদন্তের রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্টে দেখা যায়, ঘটনার দিন সুরতেহাল হয়েছিল, আর ময়নাতদন্ত শুরু হয় সাড়ে ৩ টে নাগাদ।
এরপরই বিচারপতি মান্থা প্রশ্ন তোলেন, কেন ময়নাতদন্তের পর সুরতেহাল করতে হল? পাশাপাশি সুরতেহাল ও ময়না তদন্তের সময়ের মধ্যে সন্দেহজনক পার্থক্য রয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন বিচারপতি মান্থা। অন্যদিকে, রিপোর্টে আরও জানা গিয়েছে, ময়নাতদন্তের সময় পরিবারের কোনও লোকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।




