খবর লাইভ : অন্নপূর্ণা পুজোয় দরিদ্র নারায়ণ সেবা করলে ঘরে সমৃদ্ধি আসে। বাসন্তী দুর্গা অষ্টমীতে দেবীর আরেক রূপ এই অন্নপূর্ণার পুজো করা হয়।
চৈত্রের শুক্লপক্ষে বুধবার দেবী অন্নপূর্ণার আরাধনা আজ বাঙালির ঘরে ঘরে। দ্বিভূজা দেবীর একহাতে কলস, অন্য হাতে তিনি অন্নদান করছেন ভগবান শিবকে। জগতের অন্নকষ্ট দূর করতে স্বয়ং শিব ভিখারির বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার। মস্তকে নবচন্দ্র, একপাশে ভূমি, অন্যপাশে শ্রী। নৃত্যপরায়ণ শিবকে দেখে যিনি সন্তুষ্ট হন।
বাসন্তী দুর্গা অষ্টমীতে দেবীর আরেক রূপ এই অন্নপূর্ণার পুজো করা হয়।বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবীর সন্ধিপুজো হয়। ১০৮ লাল পদ্ম উত্সর্গ করা হয় দুর্গার পায়ে। জ্বলে ওঠে ১০৮ প্রদীপ। অষ্টমী আর নবমী তিথির শুভ সন্ধিক্ষণে এই পুজো হয়ে থাকে। মন্ত্রের অণুরণনে মুখরিত হয়ে ওঠে রাতের বাতাস। পটকা, দামামা, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যি, উলুধ্বনি, ঘন্টা সব মিলিয়ে শব্দের স্রোত যেন ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। মন্ত্রোচ্চারণ আর ১০৮ প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে দুর্গার ঘামতেলযুক্ত মুখমন্ডল। অষ্টমীতিথির বিদায় আর নবমীর আগমনে এই সন্ধিপূজা চলে।
তারই এক ঝলক দেখা গেল উত্তর কলকাতায় সিঁথির মোড়ে। নিতান্ত ঘরোয়া এই পুজোতে নিষ্ঠা সহকারে সন্ধি পুজোয় মাতলেন বাড়ির পরিজন ও প্রতিবেশীরা। ঢাকের বাদ্যে, পুরোহিতের মন্ত্র উচ্চারণ। সব মিলিয়ে এক মোহময় পরিবেশে হয়ে গেল সন্ধি পুজো। আসুন দেখেনি তারই এক ঝলক।





