National Special News Special Reports

ইডি হেফাজতই ঠিকানা অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির

0
(0)

খবর লাইভ : শরীর খারাপের কথা বলেও লাভের লাভ কিছুই হল না। গরু পাচার মামলায় ৫ দিনের ইডি হেফাজতে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি। বুধবার দিল্লির রাউস এভিনিউ কোর্ট তাঁর ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন আগামী সোমবার ধার্য করা হয়েছে। ওইদিনই ফের আদালতে পেশ করা হবে মণীশকে। তবে এদিন আদালত থেকে বেরিয়েও মণীশ দাবি করেছেন, তিনি শুধু পেশাদার হিসাবরক্ষক হিসাবে নিজের কাজ করেছেন। এমনকী পেশা হিসাবে হিসাবরক্ষকের কাজ বেছে নেওয়ায় আক্ষেপ হচ্ছে বলেও জানান তিনি। শুনানি শেষে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় মণীশ ও তাঁর স্ত্রীকে।

সূত্রের খবর, মণীশকে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন আদালতে ইডি জানায়, সব জানে মণীশ অর্থাৎ গরু পাচার মামলার একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মণীশকে জেরা করলেই বেরিয়ে আসবে। আগামী ৬ দিন ইডি-র সদর দফতরেই মণীশকে জেরা করা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় সংস্থার অফিসে তলব করা হয়েছিল অনুব্রতর হিসাবরক্ষককে। প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতেই মণীশকে গ্রেফতার করা হয়।

পাশাপাশি এদিন আদালতে ইডি সাফ জানায় জানায়, মণীশই অনুব্রতর হয়ে টাকা নিয়েছেন, আর সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, মণীশের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের সদ্য অপারেশন হয়েছে, শারীরিক অসুস্থতাও রয়েছে। এছাড়া, মণীশ জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন বলেও দাবি করেন তিনি। এরপরই আদালত নির্দেশ দেয়, হেফাজতে থাকাকালীন প্রতিদিন ৩০ মিনিট বরাদ্দ হবে তাঁর শারীরিক পরীক্ষার জন্য। অনুব্রতর বিপুল সম্পত্তি বা ভুয়ো সংস্থার বিষয়ে যে মণীশ অবগত, তেমনটাই মনে করছেন গোয়েন্দারা। তাই অনুব্রত ও মণীশকে মুখোমুখি বসিয়ে জেরা করলেই একাধিক তথ্য উঠে আসবে বলেই মত ইডি আধিকারিকদের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *