খবর লাইভ : বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী। ভাষণ দিলেন মঞ্চের নীচে দাঁড়িয়েই।মুখ্যমন্ত্রী মমতার ভাষণের পরেই সবুজ পতাকা নেড়ে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বন্দে ভারতের পরেই কলকাতা মেট্রোর জোকা-তারাতলা শাখার সূচনা করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার কলকাতায় এসে বাংলার জন্য ৭৮০০ কোটি টাকারও বেশি অঙ্কের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু ভোরে প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগের কারণে সেই কর্মসূচিতে বদল হয়েছে।
সকাল সওয়া ১১টা নাগাদ অনুষ্ঠান মঞ্চে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুষ্ঠানমঞ্চে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুললেন সেখানে হাজির বিজেপি কর্মী-সমর্থকেরা। এই ঘটনার পরেই মঞ্চে উঠতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী। তাঁকে বোঝানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং সাংসদ সুভাষ সরকার। বিজেপি কর্মীদেরও শান্ত থাকার বার্তা দেন তিনি। এই ঘটনা দেখে এগিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। কিন্তু রাজি হননি মুখ্যমন্ত্রী। শেষপর্যন্ত মঞ্চের নীচে সরকারি আমলাদের সঙ্গে বসেন তিনি।




