খবর লাইভ : দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে ৫টি অঞ্চলে ভাগ করে পাঁচটি আঞ্চলিক কমিটি গঠন করেছে ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন(ইউজিসি)। উচ্চশিক্ষা ও শিক্ষানীতি সংক্রান্ত বিষয়ে কাজ করবে ওইসব কমিটিগুলি। সেই কমিটিতে নেই বাংলার কোনও উপাচার্য। অথচ অন্য়ান্য অঞ্চলের উপাচার্যদের ওই কমিটিতে রাখা হয়েছে। এনিয়ে পক্ষপাতের অভিযোগ তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে যেসব রাজ্যগুলি রয়েছে সেগুলি হল বিহার, ঝাড়খণ্ড, অসম, মণিপুর, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর। এইসব রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করবে ওই কমিটি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে কমিটির ৭ সদস্যের যে প্যানেল তৈরি হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের কোনও উপাচার্যকে রাখা হয়নি। নাগাল্যান্ডের একজন উপাচার্য রয়েছে, বিহারের একটি বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য রয়েছেন, ত্রিপুরার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেখানে রাখা হয়েছে। অথচ পশ্চিমবঙ্গের কারও স্থান সেখানে হয়নি।
বুধবার ব্রাত্য বসু নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন , দেশের এবং রাজ্যের বিভিন্ন উপাচার্যদের নিয়ে ইউজিসি পাঁচ জোনাল কমিটি গঠন করেছে যেখানে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হবে তার একটা রূপরেখা তৈরি করা হবে। ব্রাত্য বসু লেখেন এটা আশ্চর্যের যে এই কমিটিতে উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের ৭ জন সদস্য থাকলেও পশ্চিমবঙ্গের ৪০টি বিশ্ববিদ্যালয়ের কোন উপাচার্যকেই রাখা হল না। তাও এমন সময়ে যখন ভারতীয় বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি বাংলার অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয়ের ভিসি। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে ব্রাত্য রাখা হয়েছে বলেই সন্দেহ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী।




