খবর লাইভ : মধ্যপ্রদেশের বেটুলে গভীর কুয়োতেই মারা গেল আট বছর বয়সি সেই বালক। ৬৫ ঘণ্টা পেরিয়ে কুয়ো থেকে তন্ময়কে বাইরে বার করে আনা হয়। তার দেহ যখন ৫৫ ফুট ওই গভীর কুয়ো থেকে বার করা হয়, তখন তন্ময়ের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তন্ময়ের মৃতদেহ বেটুল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাবা সুনীল সাহু বলেন, “তন্ময়কে কুয়োয় পড়ে যেতে দেখে আমার মেয়ে আমাকে ঘটনাটি জানায়। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এতক্ষণ ধরে উদ্ধারকাজ চালিয়েও আমার ছেলেকে বাঁচানো গেল না।’’
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বিকাল ৫টা নাগাদ মধ্যপ্রদেশের বেটুলে একটি ফাঁকা জায়গায় খেলতে খেলতে গভীর কুয়োয় পড়ে যায় তন্ময়। তাকে উদ্ধার করার জন্য তড়িঘড়ি এসে পৌঁছয় পুলিশ। সঙ্গে ছিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং আধা সেনার আধিকারিকরা।
উপর থেকেই তন্ময়ের রক্তচাপ, শ্বাস-প্রশ্বাসের হার মাপা হচ্ছিল। কিন্তু আতঙ্কে বা অন্য কোনও কারণে সে শুক্রবার সকালে অজ্ঞান হয়ে যায়। উপর থেকে বিশেষ পদ্ধতিতে বার্তা পাঠালেও কোনও সাড়া মেলেনি।
যদিও অরক্ষিত কুয়োয় পড়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। আগেও বহু বার শিশুদের অসাবধানতার ফলে অরক্ষিত কুয়োয় পড়ে যেতে দেখা গিয়েছে।




