খবর লাইভ :অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং শ্যালিকাকে সোনা পাচারের অভিযোগ সংক্রান্ত মামলায় কেন হয়রান করা হচ্ছে এবার এই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি টিএস শিবজ্ঞানম (Justice T. S. Sivagnanam) এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের (Justice Hiranmay Bhattacharyya) ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। সেখানেই এই প্রশ্ন তোলেন বিচারপতি।
দু’বছর ধরে সোনা পাচার সংক্রান্ত মামলার তদন্ত চলছে। তার পরেও এই দু’জনকে কেন হয়রানি করা হচ্ছে তা জানতে চান বিচারপতি। কেন্দ্রের আইনজীবী উপস্থিত না থাকায় পিছিয়ে যায় এই মামলার শুনানি।
২০১৯ সালে রুজিরা বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Wife Rujira Banerjee) এবং মেনকা গম্ভীরের (Abhishek Banerjee Sister In Law Menaka Gambhir) বিরুদ্ধে অভিযোগ তুলেছিল শুল্ক দফতর। সূত্রের খবর, দু’বছরেও সেই মামলার তদন্ত শেষ হল না কেন তা নিয়েও প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। ডিসেম্বরে এই মামলার পরবর্তী শুনানি।
শুক্রবার মামলাটি শুনানির জন্য উঠলে কেন্দ্রীয় সরকারের এক আইনজীবী জানান, দিল্লি থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল আসতে পারেননি। অন্য মামলায় আটকে গিয়েছেন। তাই এই কয়েক দিন পিছিয়ে দেওয়া হোক। আগামী ডিসেম্বর মাসে মামলাটি শুনানির জন্য উঠবে।




