খবর লাইভ : আবারও ভুয়ো আইডি থেকে চাকরির ই-মেল পাঠানোর অভিযোগ উঠল। কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার নামে ভুয়ো নিয়োগপত্র মেল করা হয় একাধিক জনকে। বিষয়টি পুরসভার নজরে আনেন ‘প্রতারিত’ এক যুবক। তাঁর দাবি, তিনি মেলের মাধ্যমে চাকরির ভুয়ো নিয়োগপত্র পেয়েছিলেন। তারপরই পুরসভার সচিব হরিহরপ্রসাদ মণ্ডল এবিষয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করেন। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, পুরসভার সচিবের ই-মেল আইডি-র মতো একটি ভুয়ো আইডি তৈরি করা হয়। কিছু নথিও জাল করা হয়। সেই ভুয়ো আইডি ব্যবহার করেই অনেককে চাকরির মেল পাঠানো হয়।
আরও পড়ুনঃ দেশে বেড়ে চলেছে কোভিড সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক
পুলিশ তদন্তে নেমে নদিয়ার রানাঘাটের ধানতলা এবং তাহেরপুর এলাকায় তল্লাশি চালায়। গ্রেফতার করা হয় অভিজিৎ সাধু এবং রকি মৃধা নামে দুজনকে। তদন্তকারীরা ধৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ এবং সিম কার্ড বাজেয়াপ্ত করেছেন।




