খবর লাইভ : আজ বিশ্ব যোগা দিবস। রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে যোগ ব্যায়াম করতে ব্যস্ত প্রত্যেকেই। মঙ্গলবার কর্ণাটকের মহীশূর প্রাসাদ প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই-সহ আরও অনেকে। সেখানে ছিলেন ১৫ হাজার মানুষও। যোগা দিবস পালনের জন্য অনুষ্ঠানের মঞ্চ থেকে রাষ্ট্রপুঞ্জ এবং গোটা বিশ্বের সকলকে ধন্যবাদ জানান মোদি। শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন যোগ অভ্যাসের পরামর্শও দেন তিনি। মোদি বলেন, সকলকে যোগ দিবসের শুভেচ্ছা, অনেকের জীবন পাল্টে দিয়েছে যোগ। দিনের শুরুটা যদি যোগাভ্যাসের মাধ্যমে হয়, তবে বাকি দিনটা ভালো কাটে। যোগা সমগ্র মানবজাতির জন্য প্রয়োজনীয়।
আরও পড়ুনঃ অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, সতর্কবার্তা প্রশাসনের
মহীশূর প্রাসাদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ১৫ হাজার মানুষ। বক্তব্য শেষ করেই জনতার সঙ্গে যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিভিন্ন রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বরাও আজ যোগা দিবস পালন করছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল মানবতার জন্য যোগব্যায়াম। এই থিমের মাধ্যমে সমগ্র মানবতার কাছে বার্তা পাঠানোর জন্য তিনি রাষ্ট্রসংঘ এবং সব দেশকে ধন্যবাদ জানিয়েছেন।




