খবর লাইভ : গিরি আছে গিরিতেই। অন্ততঃ হুগলির হরিপালের লোকজন তাই বলছেন। এলাকার লোকজনের কথার সঙ্গে বাস্তবের মিলও পাওয়া গিয়েছে। আর গিরির দাপটে অসহায় অবস্থা হরিপালের শিয়াখালা ও শ্রীপতিপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র সকলেই।
আরও পড়ুনঃ গঙ্গাধরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, নির্দেশ হাই কোর্টের
মাস ছয়েক আগে হরিপাল থানার পুলিশ বেআইনিভাবে সাট্টার ঠেক চালানোর অভিযোগে শিয়াখালা-শ্রীপতিপুর এলাকার সাট্টা মাফিয়া সুকুমার গিরিকে গ্রেফতার করে। শিয়াখালা বাজার এলাকায় সেই সময় অসংখ্য সাট্টার ঠেক বানিয়ে সাধারণ মানুষকে সেই কারবারের মাধ্যমে চরম শোষণ করত। জেল থেকে ছাড়া পাওয়ার পরও ফের রমরমিয়ে চলছে সুকুমারের সেই বেআইনি কারবার। কম্পিউটার মেশিনের মাধ্যমে শিয়াখালা শ্রীপতিপুর মহাশক্তি আশ্রমের কাছে একটি বাড়িতে বর্তমানে ১২-১৪ জন যুবক, স্কুলপড়ুয়াকে কাজে লাগিয়ে রমরমিয়ে সাট্টার কারবার চালিয়ে যাচ্ছে সুকুমার বলে অভিযোগ এলাকার লোকজনের। ভোটের সময়ও এই বেআইনি কাজ চলায় এলাকার লোকজন রীতিমতো তিতিবিরক্ত। মহাশক্তি আশ্রমের কাছে বৈদ্যনাথ মুখার্জী নামে এক শিক্ষকের বাড়ির পাশের রোবে নামে এক ব্যক্তির বাড়িতে চালানো হচ্ছে এই বেআইনি কাজ। যা নিয়ে বেশ বিরক্ত এলাকার লোকজন মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। সুকুমারের শাগরেদরা এলাকার লোকজনকে হুমকিও দিচ্ছেন বলে দাবি করেছেন এলাকার সাধারণ মানুষ।




