খবর লাইভ : অমরনাথ যাত্রায় হামলার ছক পাক জঙ্গিদের। এদিন জম্মু ও কাশ্মীরে শ্রীনগরে ২ লস্কর জঙ্গিকে খতম করে সেনা। এনকাউন্টারে একজন পুলিশও আহত হয়েছেন। এনকাউন্টারে ২ লস্কর-ই-তৈবার জঙ্গি সহ মোট ৩ জন জঙ্গি নিহত হয়েছে। করোনা সংকটের কারণে অমরনাথ যাত্রা দুই বছর বন্ধ ছিল। এখন ৩০ জুন থেকে আবার এই যাত্রা শুরু হচ্ছে। জঙ্গি হামলার আশঙ্কা জেরে নিরাপত্তা বাহিনী থেকে গোয়েন্দা সংস্থাগুলি সতর্ক রয়েছে।
পুলিশের আইজিপি বিজয় কুমার এই অভিযানকে বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। পুলিশ জঙ্গিদের কাছ থেকে দুটি AK47, ১০টি ম্যাগাজিন, প্রচুর কার্তুজ ইত্যাদি উদ্ধার করেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত লস্কর জঙ্গিদের পাঠিয়েছিল পাকিস্তানি হ্যান্ডলাররা। দুজনেই লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত। তাদের সঙ্গে স্থানীয় জঙ্গি আদিল হোসেনও ছিলেন। আদিল অনন্তনাগের পাহলগামের বাসিন্দা। ২০১৮ সাল থেকে পাকিস্তানে আত্মগোপনে বসবাস করছিল সে। মূলত এই জঙ্গি দলটির লক্ষ্য ছিল অমরনাথ যাত্রায় হামলা করা।
বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের মধ্যে একজনের নাম আবদুল্লাহ গৌজরি। সে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। সম্প্রতি আরেকটি একটি গোয়েন্দা তথ্যও সামনে এসেছে। বলা হয়েছিল, অমরনাথ যাত্রা জঙ্গিদের নিশানায়। আইবি-র এই রিপোর্টে বলা হয়েছে যে, আইএসআই স্টিকি বোমা দিয়ে অমরনাথ যাত্রাকে টার্গেট করার পরিকল্পনা করেছে।




