খবর লাইভ :শনিবার টুইট করে হাওড়ায় যাওয়ার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ কিন্তু পুলিশি বাধায় রবিবার নিজের জেলা থেকেই বেরতে পারলেন না রাজ্যের বিরোধী দলনেতা৷ রবিবার রাধামণি হাইরোডে শুভেন্দুর গাড়ি আটকায় পুলিশ৷ বিরোধী দলনেতাকে গাড়ি নিয়ে এগোতে বারণ করে৷ পুলিশের কথা শুনেই রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শুভেন্দু৷ তিনি জানান, কোলাঘাট গেস্ট হাউসে যাচ্ছেন৷ কেন রাধামণিতে তাঁকে আটকানো হল৷ এখানে তো কোনও ১৪৪ ধারা নেই৷
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জ’ ঘিরে রেখেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার পুলিশ। তবে, ঠিক কী কারণে বিরোধী দলনেতার বাড়ি ঘিরে রাখা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। রবিবার সকাল থেকে রাজ্যের বিরোধী দলনেতার বাড়ির সামনে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি কাঁথি থানার তরফে শুভেন্দুকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, নেটমাধ্যম থেকে জানা গিয়েছে, রবিবার গ্রামীণ হাওড়া এলাকায় যাওয়ার পরিকল্পনা করেছেন শুভেন্দু। কিন্তু সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই আপাতত বিজেপি বিধায়ককে ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুভেন্দুর নিরাপত্তা নিয়ে কলকাতা হাই কোর্টের বিশেষ নির্দেশ রয়েছে, সে কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ওই চিঠিতে।
এ নিয়ে শুভেন্দু বলেন, ‘‘সুকান্তবাবুকে যা করেছে, সেই একই মডেল আমার ক্ষেত্রেও। আমি মুখ্যসচিবকে অশোক ডিন্ডার মায়ের শ্রাদ্ধের কার্ডটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ছিলাম। জানতে চেয়েছিলাম, হাওড়া গ্রামীণ শুরু হয় কোলাঘাটের পরে। আর আমি যাব ১০০ কিলোমিটার দূরে উলুবেড়িয়া। অথচ রাত ২টো থেকে এখানে গার্ডরেল লাগাচ্ছেন, এটা কী হচ্ছে?’’




