খবর লাইভ :ওয়েস্ট আফ্রিকার আইভরি কোস্টের বাসিন্দা কুয়াডিও ম্যাথিউর। বছর চব্বিশের ফুটবলার খেলতে এসেছিলেন ভারতে। শনিবার চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল তাঁর।
ভারতে খেলতে এসে অস্থায়ী ভাবে উত্তর ২৪ পরগনার অশোকনগরে থাকতেন ম্যাথিউ। এর আগে বারাসতের নবপল্লিতে ভাড়া থাকতেন। কিন্তু সেখানে কিছু সমস্যা হওয়ার কারণে তিনি অশোকনগরে চলে আসেন।
বিকেল ৩টে নাগাদ ব্যারাকপুর থেকে শিয়ালদহগামী ট্রেনে ছিলেন তিনি। টিটাগড় ও খড়দহের মাঝে আচমকা ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হন।
ঘটনায় প্রকাশ, ২ ও ৩ নম্বর লাইনের মাঝখানে পড়ে যান ম্যাথিউ। সেখান থেকে কোনো ক্রমে নিজের চেষ্টায় গান্ধী প্রেম নিবাস আশ্রমের পাশে যান। কিন্তু, সেখানেই পড়ে যান।
এর পর তাঁকে সেখানে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন ছিলেন। ঘন্টা দুয়েক পরই তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, পাসপোর্ট অনুযায়ী, প্রয়াত ফুটবলারের নাম এন গেসান। তাঁর পরিচিতদের খবর দেওয়া হয়েছে। কিন্তু, কী ভাবে তিনি ট্রেন থেকে পড়ে গেলেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ।




