খবর লাইভ : ভারত-পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় উদ্ধার এক পরিযায়ী পাখি। শনিবার এই পাখি পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করে। পরিযায়ী পাখিটি একটি গুপ্তচর পাখি হতে পারে সন্দেহে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিসিএফ)।
বারমের এবং জয়সলমের সংলগ্ন বিষ্ণু কি ধানি গ্রামের বাসিন্দারা এই পরিযায়ী পাখিটিকে সীমান্ত পেরিয়ে উড়ে আসতে দেখে। এর পরই ওই পাখিটিকে ধরে বিএসএফ-এর ৮৭ ব্যাটালিয়নের হাতে তুলে দেন গ্রামবাসীরা। এই পরিযায়ী পাখিটিকে এশিয়াটিক হুবারা পাখি বলে চিহ্নিত করা হয়েছে।
এই পাখিটি কে নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। পাখিটিকে যে অবস্থায় ধরা হয়েছে তা দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এই পাখিটির ডান পায়ে একটি অ্যালুমিনিয়ামের আংটা-সহ আরও দুটি আংটা লাগানো ছিল এবং বাঁ পায়ে একটি সবুজ প্লাস্টিকের আংটা লাগানো ছিল। এই আংটাগুলিতে বেশ কয়েকটি চিহ্ন এবং সংখ্যা খোদাই করা ছিল বলেও সেনা সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি এই পাখির নখেও ‘সংযুক্ত আরব আমিরাত’ লেখা একটি কাপড়ের টুকরো পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই এই আংটা এবং কাপড়ের টুকরোগুলি খতিয়ে দেখতে শুরু করেছে বিএসএফ।




