খবর লাইভ : শুক্রবার হুগলির কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের মঞ্চে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আর তা নিয়ে বিতর্ক তৈরি করেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যা উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সিঙ্গুরে শিল্প আসছে বলেও এদিন ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী কারও নাম উল্লেখ না করে জানান, রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের কথা চূড়ান্ত হয়েছিল। রাজ্য সরকার জমি এবং টাকার সিংহভাগ দিয়েছে।
সিঙ্গুরে শিল্প এবং কৃষির যৌথ উন্নয়নের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বলেন, ‘আপনারা জমি ফেরত পেয়েছেন। এখানে কোটি কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। একদিকে সবুজ জমি, অন্যদিকে শিল্প—সিঙ্গুরের উন্নয়নের জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। কোচ ফ্যাক্টরি হচ্ছে উত্তরপাড়ায়। হিন্দমোটর্সে কারখানা হচ্ছে। ডানকুনিতে ফ্রেট করিডর।’




