খবর লাইভ : প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল (Madhyamik Results 2022)। ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সকাল ১০টা থেকে৷ বিভিন্ন ওয়েবসাইটে ফল জানা গেলেও, সবার আগে আপনি নিজের ফলাফল জানতে পারবেন News18 Bangla-য়। রেজাল্ট জানুন bengali.news18.com-এ। এ ছাড়াও পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা।
এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন দু’জন। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯৩। পেয়েছেন ৯৯ শতাংশ নম্বর। মোট ১১৪ জন প্রথম দশে স্থান করে দিয়েছেন। মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে জেলার জয়জয়কার। পূর্ব মেদিনীপুর জেলা থেকেই সব থেকে বেশি মেধা তালিকায় স্থান করে নিল। মোট ১৪ জন ছাত্র-ছাত্রী মেধাতালিকায় পূর্ব মেদিনীপুর থেকে স্থান করেছে। কোচবিহার থেকে রয়েছে ১৩ জন, বাঁকুড়া থেকে রয়েছে ১৩ জন। কলকাতা থেকে শুধু একজনই মেধা তালিকায় স্থান পেয়েছে। কলকাতা থেকে প্রথম ও মেধাতালিকায় চতুর্থ স্থানাধিকারী শুতর্ষি ত্রিপাঠী।
৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছেন মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল। ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। চতুর্থ হয়েছেন চার জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০। চতুর্থ চারজন। তারা আলিপুরদুয়ার, মালদহ, হুগলির ও কলকাতার।
পূর্ব মেদিনীপুরে পাশের বার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর জেলায় সর্বাধিক পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এরপরই পাশের হারে দ্বিতীয় কালিম্পং আর কলকাতা রয়েছে চতুর্থ স্থানে। সেখানে পাশের হার ৯৪.৩৬ শতাংশ।
করোনার কারণে এর আগে দু’বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর পরীক্ষা হয়। গত ৭ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষা দিয়েছিল ১১ লক্ষের বেশি ছাত্রছাত্রী। যার মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ লক্ষের বেশি। যা ছাত্রদের থেকে প্রায় ১১ শতাংশ বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মধ্যে ফল প্রকাশ করল পর্ষদ।
এ বছর মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিল ১১,২৭,৮০০ জন, পরীক্ষা দিয়েছে ১০,৯৮৭৭৫ জন, পাশ করেছে ৯,৪৯,৯২৭ জন। পরীক্ষা বাতিল হয়েছে ১১ জনের। সেই অনুযায়ী, এ বছর পাশের হার ৮৬.৬০ শতাংশ। এ বছর পাশের হার গত বছরের তুলনায় বেশি।ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু করতে চায় পর্ষদ। ২০২২-এর তুলনায় পরীক্ষার সময়সীমা খানিকটা এগিয়ে আনতে চায় মধ্যশিক্ষা পর্ষদ।




