খবর লাইভ : একদিকে মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ।অন্যদিকে পদ্মশিবিরের জয়ী প্রার্থীরা ব্যস্ত উল্লেখযোগ্য একটি কাজে। কী সেই কাজ? রাজ্য থেকে রাজনৈতিক হিংসা দূর করার শপথ নিলেন তাঁরা। পাশাপাশি বিধায়ক হিসাবে নিজ নিজ বিধানসভা কেন্দ্রের উন্নয়ন ও মানুষের পাশে থাকার শপথ তাঁরা নিলেন।
এদিন হেস্টিংসের অফিসের এই অনুষ্ঠানে বিধায়কদের শপথবাক্য পাঠ করান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রথম সারিতে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিকের মতো নির্বাচিত প্রতিনিধিরা।
২০২১ এর নির্বাচনের ফল বেরোতেই দেখা গেল, বিরোধী দল হওয়ার কোনও ক্ষমতাই রাখতে পারেনি বাম-কংগ্রেস। সেই তুলনায় বিজেপি এবার রাজ্যে অনেকটাই ধার বাড়িয়েছে। ৭৭টি আসন পেয়েছে তারা। এরফলে বিধানসভায় সরকারকে যথেষ্ট চাপে রাখতে পারবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।




