
খবর লাইভ : মহিলাদের জন্য বিরাট সুখবর। সৌজন্যে পঞ্জাবের অমরিন্দর সরকার। আগামিকাল, বৃহস্পতিবার থেকে সরকারি বাসে উঠলে, মহিলাদের কোনও টাকা খরচ করতে হবে না। বিনামূল্যে ঘুরতে পারবেন তাঁরা। এমনই ঘোষণা করেছে পঞ্জাব সরকার।
রাজ্যের মধ্যে সমস্ত সরকারি বাসে ১ এপ্রিল থেকে মহিলারা বিনামূল্যে ঘুরতে পারবেন বলে মার্চের শুরুতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এমনটা ঘোষণা করেছিলেন। বুধবার তাতে সিলমোহর দিল মন্ত্রিসভা। মূলত নারীর ক্ষমতায়নকে মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ট্যুইটারে জানিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর।
এই প্রকল্পে লাভ পাবেন পঞ্জাবের ১.৩১ কোটি মহিলা। পঞ্জাব রোডওয়েজ ট্রান্সপোর্ট কর্পোরশন, পঞ্জাব রোডওয়েজ বাস ও শহরের বাসে এই ছাড় পাবেন মহিলারা।
এদিকে, রাজ্যে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী ১০ এপ্রিল পর্যন্ত অতিমারীজনিত বিধি-নিষেধ বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য দফতরকে কোভিড-১৯ টিকার সংখ্যা বাড়াতেও বলেছেন তিনি। জনসমাগম হয় এমন জায়গায় ঘুরে ঘুরে টিকা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, কোভিড পরীক্ষা আরও বাড়াতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলের কয়েদিদের জন্য বিশেষ টিকার বন্দোবস্ত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।



