
খবর লাইভ : বেনামে জমি রাখা কিংবা আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি কেনাবেচা বন্ধ করতে তৎপর হল কেন্দ্র। দেশের সমস্ত জমির জন্য ১৪ নম্বরের ‘আইডেন্টিফিকেশন নম্বর’ ঠিক করতে চাইছে সরকার। এক বছরের মধ্যেই সেই কাজ শেষ করে ফেলা হবে। লোকসভায় গত সপ্তাহে একটি রিপোর্ট পেশ করে সংসদীয় কমিটি। এরপরই উঠে এসেছে ওই তথ্য।
ইতিমধ্যেই চলতি বছর ১০টি রাজ্যে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর চালু করা হয়েছে। কেন্দ্রের পরিকল্পনা ২০২২-এর মার্চের মধ্যে এই নম্বর সারাদেশে চালু করবে। ভূমি রাজস্ব বিভাগ থেকে এমনই জানানো হয়েছে গ্রামোন্নয়ন সংক্রান্ত সংসদীয় কমিটিকে। ভূমি রাজস্ব বিভাগের এক অফিসারের কথায়, ‘এটা হবে জমির আধার।’ বেহিসাবি জমি কিনে রাখা বন্ধ করতেই এই সিদ্ধান্ত। তিনি আরও বলেন, গ্রামের সরকারি অফিসগুলোতে যে রেকর্ড রয়েছে, তার অধিকাংশই পুরোনো এবং বিতর্কিত। জমি চিহ্নিতকরণ হবে তার দ্রাঘিমাংশ এবং অক্ষাংশকে ভিত্তি করে।
ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতে ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম, জমির রেকর্ডের তথ্য প্রতিটি আদালতের সঙ্গে যুক্ত করা, সম্মতি নিয়ে আধার কার্ডকে জমির রেকর্ডের সঙ্গে যুক্ত করার প্রকল্প নেওয়া হয়েছে। নতুন প্রকল্প করতে প্রাথমিক খরচ রেকর্ড প্রতি তিন টাকা। আধারের সঙ্গে মেলাতে রেকর্ড পিছু ৫ টাকা করে ধরা হয়েছে।



