খবর লাইভ: এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। তাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই একথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর কথা যে নিছক কথা নয়, তার প্রমাণ মিলল নির্বাচন কমিশন সূত্রের একটি খবরে। খবরটি হল, রাজ্যে প্রথম দু দফার নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে।
প্রথম দফায় ভোট হবে জঙ্গল মহল ও পূর্ব মেদিনীপুরের মোট ৩০টি আসনে। বুথের সংখ্যা ১০হাজার ২৮৮। এই বুথগুলোর সবগুলিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, প্রতিটি বুথে ছ-সাত জন করে জওয়ান মোতায়েন করা হবে। সেক্ষেত্রে রাজ্য পুলিশ থাকবে বুথের বাইরে। এক ভোট কর্তার কথায়, বাহিনী মোতায়েনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কমিশন নিযুক্ত দুই বিশেষ পর্যবেক্ষক। অবাধ ভোটের লক্ষ্যেই কমিশন এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে সূত্রের খবর। এই একই লক্ষ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে আধা সামরিক বাহিনীর টহলদারি। সূত্রের খবর, টহলদারি চলবে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত।
এদিকে, অভিযোগ ওঠায় পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাওড়া গ্রামীনের পুলিশ সুপার সৌম্য রায়কে। নির্বাচন কমিশনই এই নির্দেশ দিয়েছে। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলী মৈত্রের স্বামী। তাঁর বিরুদ্ধেই উঠেছে একাধিক অভিযোগ।


