খবর লাইভ: খোদ গর্ভধারিণী তৃণমূলে। ঘাসফুল আঁকা ঝান্ডা হাতে তুলে নিয়েছেন প্রেমিকাও। ভালোবাসার দুই নারীর সম্পূর্ণ বিপরীত মেরুতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন বনি সেনগুপ্ত। বুধবার তাঁর হাতে পদ্ম আঁকা ঝান্ডা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়।
‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমা করতে গিয়ে নায়িকা কৌশানি মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নায়ক বনি। রিল লাইফ যে কখন রিয়েল লাইফে পরিণত হয়েছে, তা বুঝতে পারেননি নায়ক নায়িকা। পরে অবশ্য প্রেম করছেন চুটিয়ে।
মাস কয়েক আগে কৌশানি যোগ দেন তৃণমূলে। সেদিন তাঁর সঙ্গে ঘাসফুল শিবিরে নাম লেখান বনির মা পিয়া সেনগুপ্তও।
মা ও প্রেমিকার হেঁটে যাওয়া পথ মাড়াননি বনি। বরং তিনি হেঁটেছেন ১৮০ ডিগ্রি বিপরীতে। যোগ দিয়েছেন বিজেপিতে। দলীয় নেতৃত্বের সঙ্গে গলা মিলিয়ে দিয়েছেন স্লোগানও। উচ্চারণ করেছেন জয় শ্রীরাম ধ্বনিও।
বনি বলেন, মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মেনে চলব। এদিন বনির সঙ্গে গেরুয়া খাতায় নাম লেখান আরও এক অভিনেত্রী। তিনি রাজশ্রী রাজবংশী।



