খবর লাইভ : কলকাতায় পূর্ব রেলের দফতর ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত এএসআই অমিত ভাওয়ালকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হল। মঙ্গলবার দুপুরে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে কলকাতা পুলিশের তরফেই হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালকে গান স্যালুট দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ অমিতের স্ত্রীও। স্বামীর আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তিনি।
অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় রেলের বিরুদ্ধে আগেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল কলকাতা পুলিশ। এবার রেলের দফতরে কিভাবে আগুন লাগল, নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে–সে বিষয়ে তদন্ত শুরু করল কলকাতা পুলিশ। ইতিমধ্যে নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক তদন্তকারী দল।
উল্লেখ্য, সোমবার রাতে স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাটায় পূর্ব রেলের বিল্ডিংয়ের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ছয় দমকল কর্মী, এক পুলিশ আধিকারিক ও দুই আরপিএফ জওয়ান সহ ৯ জনের। ঘটনায় বিহ্বল মুখ্যমন্ত্রী রাতেই ঘটনাস্থলে গিয়ে শোকপ্রকাশ করেন এবং মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আর্থিক সাহায্য দেওয়ার কথাও প্রধানমন্ত্রীর দফতর থেকে ঘোষণাও করা হয়েছে।


