খবর লাইভ : জটু লাহিড়ির পথেই সোনালী গুহ, শীতল সর্দার! এবারের ভোটে টিকিট পাননি। আর তাই ক্ষুব্ধ হয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক সোনালী গুহ, শীতল সর্দার। রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির সভাতেই তাঁরা বিজোপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর।
সূত্রের খবর, দলবদল নিয়ে ইতিমধ্যেই বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে কথা হয়ে গিয়েছে সাতগাছিয়ার বিধায়ক সোনালী গুহর। সোনালী জানিয়েছেন, তিনি প্রার্থী হতে চান না, তবে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারের অংশ হতে চান। সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারও মুকুল রায়ের সঙ্গে কথা বলেছেন। কেবল এই দুই বিধায়ক নন, মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ তৃণমূলের যে সমস্ত বিধায়করা এবারে ভোটের টিকিট পাননি, তাঁরা সকলেই দলবদলের ভাবনাচিন্তা করছেন বলে সূত্রের খবর। ভোটে টিকিট না পাওয়ায় এঁদের প্রত্যেকেরই ধারণা, দল তাঁদের উপর আর ভরসা করছে না। দল থেকে একপ্রকার বাদ দেওয়া হয়েছে। তাই দলবদলের পথেই ‘ব্রাত্য’ বিদায়ী তৃণমূল বিধায়করা। ফলে আগামিকাল মোদির ব্রিগেডে বড় চমক অপেক্ষা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।


