খবর লাইভ : এবার মাদ্রাসায় পড়ানো হবে ভাগবত গীতা ও রামায়ণ। এমনটাই জানিয়েছেন ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং’-এর (এনআইওএস)-এর চেয়ারম্যান সরোজ শর্মা। কেন্দ্রের নয়া শিক্ষানীতি মেনেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে সরোজ শর্মা জানান, এনআইওএস-এর অন্তর্গত মাদ্রাসাগুলিতে অন্তর্ভুক্ত মাদ্রাসাগুলিতে পড়ানো হবে প্রাচীন ভারতীয় দর্শন এবং ঐতিহ্য। আপাতত ১০০টি মাদ্রাসায় তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে থাকছে গীতা-রামায়ণ। ভবিষ্যতে ৫০০টি মাদ্রাসায় চালু হবে এই বিষয়ে পাঠদান। বর্তমানে ‘ভারতীয় জ্ঞান পরম্পরা’-র উপর ১৫টি কোর্স তৈরি করা হয়েছে। এতে বেদ, যোগ, বিজ্ঞান, রামায়ণ ও মহাভারতের মত মহাকাব্যের বিষয়ে পাঠ থাকবে। মঙ্গলবার নয়াদিল্লিতে এই পাঠ্যক্রম উন্মোচন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল।
উল্লেখ্য, ২০২০ সালের জুলাই মাসে প্রায় ৩৪ বছর পর বদল আসে নয়া জাতীয় শিক্ষানীতিতে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, শিক্ষাব্যবস্থার খোলনলচে বদলে ফেলা হল এই নয়া নীতিতে।



