খবর লাইভ : ২০২০-তেই শেষ নয়! ২০২১ সালেও করোনা মহামারী চলবে। এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ফলে বিশ্বজুড়ে উদ্বেগ আরও বাড়ল।
হু-র এমার্জেন্সি ডিরেক্টর মাইকেল রায়ান জানিয়েছেন, চলতি বছরও করোনা মহামারী চলবে। তবে এখন আক্রান্ত ও মৃতের সংখ্যা কমবে। এখনই মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার ছেড়ে দিলে সমস্যা আরও বাড়তে পারে।
হু-র তরফে জানানো হয়েছে, গত সাত সপ্তাহে বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমেছিল। কিন্তু গত সপ্তাহেই ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সহ বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা আবার বেড়েছে। যার ফলে বিভিন্ন দেশে নতুন করে লকডাউন শুরু হয়েছে। ভারতের কয়েকটি রাজ্যও ইতিমধ্যে লকডাউনের পথে হেঁটেছে। টিকাকরণের মধ্যেই নতুন করে আবার আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তারা। করোনার নতুন স্টেন্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
বর্তমানে সারা বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৪৯ লক্ষ। মৃত্যু হয়েছে ২৫ লক্ষ ৪৯ হাজার মানুষের।



