খবর লাইভ : মুসলিম সংখ্যালঘুদের মধ্যে দীর্ঘদিনের একটি দাবি ছিল ওয়াকফে সরকারি নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন প্রণয়ন। সেই দাবি এবার পূরণ করেছে মোদি সরকার। আর এই আইনের ফলে উপকৃত হয়ে ভারতের এক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় দাউদি বোহরারা প্রকাশ্যে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করে দাউদি বোহরা সম্প্রদায়ের ধর্মীয় নেতারা তাঁকে ধন্যবাদ জানান। তাঁদের মতে, বহু বছর ধরে তাঁরা এই আইনের দাবি জানিয়ে আসছিলেন, কারণ ওয়াকফ সম্পত্তির বণ্টনে তাঁরা বরাবরই বঞ্চিত ছিলেন।
মুসলিমদের মধ্যে প্রায় ৮৫ শতাংশ সুন্নী, এবং ১৩ শতাংশ শিয়া। দাউদি বোহরারা এই শিয়া সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত, তবে পরিসংখ্যানে তাঁরা অত্যন্ত সংখ্যালঘু। তাই ওয়াকফ সম্পত্তির বণ্টনে বরাবরই তাঁরা পিছিয়ে পড়তেন।
নতুন আইন অনুযায়ী, ওয়াকফ বোর্ডে সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করা হয়েছে। এর ফলে স্বচ্ছতা এবং সমান বণ্টনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা দাউদি বোহরা সম্প্রদায়কে উপকৃত করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।




