খবর লাইভ : বিজেপির রাজ্য দফতরে তখন বৈঠকে ব্যস্ত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর গাড়ি এবং কনভয়ের গাড়িগুলো দাঁড়িয়ে ছিল দফতরের বাইরের রাস্তায়। অভিযোগ, সেই কনভয়ে থাকা একটি গাড়িতেই নাকি ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ওই গাড়িটি আবার রাজ্য সরকারের!
সেই বৈঠকে সুকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, জ্যোতির্ময় মাহাতো, দীপক বর্মণ, জগন্নাথ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ছিলেন সুনীল বনসল, মঙ্গল পান্ডে এবং অমিত মালবীয়। সেই বৈঠক চলাকালীনই বিজেপির রাজ্য দফতরের সামনে দুর্ঘটনাটি ঘটে।
সুকান্তের কনভয়ের পাইলট গাড়িতে ধাক্কা মারে রাজ্য সরকারের একটি গাড়ি। ওই গাড়িটি ‘নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি’র (এনডিআইটিএ)। যখন দুর্ঘটনাটি ঘটে তখন ওই পাইলট গাড়িতে বসে ছিলেন কয়েক জন। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে আসেন তাঁরা। ছুটে আসেন সুকান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও।




