খবর লাইভ : সুপ্রিম কোর্ট সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে বাতিল করেছে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল। এর ফলে এক নিমেষে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। শুধু চাকরি হারানোই নয়, প্রকাশিত ‘অযোগ্যদের তালিকা’ তাদের উপর এনে দিয়েছে সামাজিক ‘দাগি’ তকমা। এই পরিস্থিতির প্রতিবাদেই এবার কলকাতার রাজপথে নেমে এলেন চাকরি খুইয়ে সম্মান হারানো প্রাক্তন কর্মীরা।
কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন এই ‘অযোগ্য’ তালিকাভুক্ত চাকরিচ্যুতরা। তাদের দাবি,“এসএসসি আমাদের অযোগ্য প্রমাণ করতে চাইছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের ভিত্তিতে, কিন্তু সেসব অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই।”
উল্লেখ্য, এসএসসি দুর্নীতিকে ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ হিসেবে উল্লেখ করে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, যাঁদের নাম ‘দাগি’ তালিকায় রয়েছে, তাঁদের বেতনও ফেরত দিতে হবে। এইসব প্রেক্ষিতে, নিজেদের সম্মান ও অধিকার রক্ষার দাবি নিয়ে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ চাকরিচ্যুতদের একাংশ এখন একাধিক আন্দোলনের পথে।




